একসঙ্গে জন্ম, একসঙ্গে মৃত্যু
কুমিল্লার বরুড়া উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত জুনাইরা ও তাসলিমা (১৮ মাস) উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তারা যমজ বোন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জুনাইরা ও তাসলিমা বাড়ির পাশে খেলছিল। পরিবারের সদস্যদের অজান্তে তারা ঘরের পাশে ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি কাজী নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর বিষয়টি জেনেছেন। বিস্তারিত জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
