ব্যবসায়ী রাতে বাড়ি থেকে বের হন, সকালে গলাকাটা লাশ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ সোমবার (০৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আজিজের লাশ বলে শনাক্ত করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কে বা কারা তাকে গলাকেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
