আনোয়ারায় কবরস্থানের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কবরস্থানের পাশ থেকে দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলায় বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত দিল মোহাম্মদ ওরফে দেলোয়ার (৩৩) কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

বৈরাগ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রুবি আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। যতটুকু জানতে পেরেছি, তিনি আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি, গতকাল রাত তিনটার দিকে তিনি বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয় লোকজন কবরস্থানের পাশে তার লাশ দেখতে পান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি সদস্য রুবি আক্তার আরও বলেন, দিল মোহাম্মদ বিভিন্ন সময় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে তারা জানিয়েছেন। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি পেশায় রাজমিস্ত্রিসহ বিভিন্ন ধরনের কাজ করতেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *