নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা


লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে আগেই। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে ৩৯ বছর বয়সে বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর।

মহানায়কের বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল—আলবিসেলেস্তেদের নেতৃত্বের ভার উঠবে কার কাঁধে? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

২৮ বছর বয়সী এই শক্তিশালী সেন্ট্রাল ডিফেন্ডারকে অধিনায়ক করার সিদ্ধান্ত অবশ্য হঠাৎ নেওয়া নয়। গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের বহু আগেই রোমেরোর হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করে রেখেছিল আর্জেন্টিনার কোচিং স্টাফ।

মেসি ও নিকোলাস ওটামেন্দির আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তির পর রক্ষণভাগের অন্যতম প্রধান স্তম্ভ রোমেরোর হাতেই আর্মব্যান্ড উঠবে—বিষয়টি তাই অনেকটাই পূর্বনির্ধারিত ছিল।

আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রোমেরো। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পথে তার অবদান ছিল উল্লেখযোগ্য। রক্ষণভাগে দৃঢ়তা, আগ্রাসী মেজাজ ও নেতৃত্বগুণে ধীরে ধীরে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি।

এবার অধিনায়ক হিসেবে রোমেরোর সামনে শুরু হচ্ছে আর্জেন্টিনার নতুন এক ফুটবল চক্র। মাঠের নেতৃত্বে তাকে সহযোগিতা করবেন অভিজ্ঞ ও প্রভাবশালী সতীর্থরা। সহ-অধিনায়ক হিসেবে তার পাশে থাকবেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজসহ দলের আরও কয়েকজন সিনিয়র সদস্য।

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার নতুন পরিচয়ের অন্যতম মুখ হয়ে ওঠার বড় দায়িত্ব এখন রোমেরোর কাঁধে।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *