রহস্য বাড়াচ্ছে ১৭ কোটি টাকার আংটি, গোপনে সেরেছেন বিয়ে
দুই তারকার সম্পর্কটা বরাবরই কিছুটা ব্যক্তিগত। তাই তাদের বিয়ে নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার বিশাল দামের এনগেজমেন্ট রিং ঘিরে নতুন করে গুঞ্জন উঠেছে। গোপনে কি বিয়ে সেরে ফেলেছেন তারকা জুটি লেডি গাগা ও মাইকেল পোলানস্কি?
সম্প্রতি গাগা ও পোলানস্কির প্রকাশ্য উপস্থিতি বেশ কমে গেছে। সম্প্রতি এক বিশ্ব সফর শেষ করার পর থেকে তাদের খুব একটা দেখা যাচ্ছে না। ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গাগার ঘনিষ্ঠ কয়েকজনের ধারণা, তারা হয়তো গোপনে বিয়ে করে হানিমুনে চলে গেছেন।
একটি সূত্রের দাবি, এক মাসেরও বেশি সময় ধরে কেউ গাগাকে সামনে থেকে দেখেননি বা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। যদিও পুরোপুরি আড়ালে নেই এই পপ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিতই পোস্ট করছেন। নিজের প্রসাধনী ব্র্যান্ড ‘হাউস ল্যাবস’ নিয়েও তাকে সক্রিয় দেখা গেছে।
২০২৬ সালের জুলাইয়ে গাগার দীর্ঘদিনের ম্যানেজার ববি ক্যাম্পবেল ও রবার্ট গার্সিয়ার বিয়েতেও গাগা ও পোলানস্কিকে দেখা গেছে বলে জানা গেছে।

তবে ২০২৬ সালের মেট গালা এড়িয়ে যাওয়া এবং সফর শেষ হওয়ার পর থেকে তার প্রকাশ্য উপস্থিতি কমে যাওয়ায় বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। ভক্তদের একাংশের প্রশ্ন- তাহলে কি এরই মধ্যে গোপনে বিয়ে করে ফেলেছেন গাগা?
গাগা ও পোলানস্কির গোপনে বিয়ে করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, তারা আগেও বড়সড় তারকাখচিত বিয়ের পরিবর্তে ছোট ও ব্যক্তিগত আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছেন।
২০২৪ সালে ‘জিমি কিমেল লাইভ!’ অনুষ্ঠানে গাগা মজা করে বলেছিলেন, তারা চাইলে আদালতে গিয়ে বিয়ে করে পরে চাইনিজ খাবার খেতে যেতে পারেন। পরে রোলিং স্টোনকে পোলানস্কিও জানিয়েছিলেন, তারা বিশাল কোনো বিয়ের আয়োজন করতে চাইছেন না। বরং অনেক দিক থেকেই তারা নিজেদের বিবাহিত বলেই মনে করেন।

এরপর ২০২৬ সালের মার্চে ব্রুনো মার্সের এক লাইভস্ট্রিমে গাগা নিজেই জানান, তারা ‘শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন’। এমনকি বিয়ের অনুষ্ঠানের জন্য একটি গান বেছে নিতে ব্রুনো মার্সের সাহায্যও চান তিনি।
তবে গাগা ও পোলানস্কি গোপনে বিয়ে করেছেন, এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
প্রায় ১৭ কোটি টাকার আংটি!
এদিকে গাগার এনগেজমেন্ট রিংটিও কম আলোচিত নয়। বিশাল আকারের ডিম্বাকৃতির হীরা বসানো হয়েছে ১৮ ক্যারেট সাদা ও রোজ গোল্ডের ব্যান্ডে। ব্যান্ডজুড়ে রয়েছে প্রাকৃতিক গোলাপি রঙের হীরা। মূল পাথরের নিচে রয়েছে সাদা হীরার একটি গোপন হ্যালো ডিজাইন।
আংটির মূল হীরাটি ঠিক কত ক্যারেটের, তা নিয়ে অবশ্য মতভেদ রয়েছে। কারও ধারণা, এটি প্রায় ১০ ক্যারেট; আবার কেউ কেউ মনে করেন, হীরাটি ২০ ক্যারেটের কাছাকাছি হতে পারে।

পাথরের আকার ও মানের ওপর নির্ভর করে আংটির মূল্য ৫ লাখ থেকে ২০ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ হিসাব অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১৭ কোটি টাকা।
ক্যালিফোর্নিয়ার মিল ভ্যালির ‘সোফিয়া জুয়েলারি’ আংটিটি বিশেষভাবে তৈরি করেছে। ভেনিস চলচ্চিত্র উৎসব ও গ্র্যামিসহ বিভিন্ন বড় অনুষ্ঠানে গাগাকে এই আংটি পরতে দেখা গেছে।
কোটি টাকার আংটির আগে ছিল ঘাসের আংটি!
গাগা ও পোলানস্কির প্রেমের গল্পে রয়েছে আরও একটি মজার অধ্যায়। জানা যায়, একসময় পোলানস্কি গাগাকে আসল ঘাসের একটি পাতা সংযুক্ত রেজিনের তৈরি খেলনা আংটি উপহার দিয়েছিলেন। তাদের আগের এক কথোপকথন থেকে অনুপ্রাণিত হয়ে দেওয়া সেই ছোট্ট উপহারটি পরবর্তীতে তাদের সম্পর্কের বিশেষ স্মৃতি হয়ে ওঠে। এমনকি গাগা পরে ‘Blade of Grass’ নামে একটি গানও তৈরি করেন।
তাই কোটি টাকার হীরার আংটির আড়ালেও গাগা ও পোলানস্কির সম্পর্কের আরেকটি দিক হলো- ব্যক্তিগত ও অদ্ভুতুড়ে ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দেওয়া।

এ কারণেই গোপনে বিয়ে করার বর্তমান গুঞ্জনটিও অনেকের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না। তবে এখন পর্যন্ত তাদের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এপ্রিল ফুলে বাগদান!
গাগা ও পোলানস্কির বাগদানও ছিল বেশ ব্যতিক্রমী। ২০২৪ সালের ১ এপ্রিল, অর্থাৎ এপ্রিল ফুলের দিন বাগদান করেন তারা। একটি রক-ক্লাইম্বিং ভ্রমণের সময় পোলানস্কি গাগাকে বিয়ের প্রস্তাব দেন। তবে হাঁটু গেড়ে নাটকীয় প্রস্তাব দেওয়ার পরিবর্তে তিনি আগে গাগাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কি তাকে প্রস্তাব দেওয়ার অনুমতি দেবেন। দিনটি এপ্রিল ফুল হওয়ায় গাগা শুরুতে বিষয়টি সত্যি নাকি মজা- সেটিও বুঝতে পারেননি।
তারা বেশ কিছুদিন বাগদানের খবর গোপন রাখেন। পরে ২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিকের সময় ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটালের সঙ্গে সাক্ষাৎকালে গাগা পোলানস্কিকে ‘আমার বাগদত্তা’ বলে পরিচয় করিয়ে দেন। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে।
এলআইএ
