ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে দম্পতি নিহত
পাবনায় ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে স্বামী-স্ত্রীর। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন রয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে বিয়ের বাজার করতে যান আনোয়ার মালিথা। বাজার শেষে সন্ধ্যায় তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে ঈশ্বরদী শহর অভিমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
