ক্ষিপ্ত হয়ে ট্রাম্পের সঙ্গে পূর্বনির্ধারিত ফোনালাপ বাতিল করলেন জার্মান চ্যান্সেলর


অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করায় ক্ষিপ্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্বনির্ধারিত ফোনালাপ বাতিল করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডারিখ মের্ৎস। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) ঐতিহাসিক জয় পেয়েছে। দলটি ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রাজ্যে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। অপরদিকে, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) পেয়েছে মাত্র ১৭ দশমিক ২ শতাংশ ভোট।

মঙ্গলবার নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে এএফডি -এর বিজয়ের প্রশংসা করে লিখেছেন, “জার্মানিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা অভিবাসন সংক্রান্ত অত্যন্ত বাজে নিয়মকানুন নিয়ে তারা শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছে।”

এর জবাবে মের্ৎস বুধবার ট্রাম্পের সঙ্গে পূর্বনির্ধারিত ফোনালাপ বাতিল করেন। চ্যান্সেলরের একজন মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও উল্লেখ করেন, মের্ৎস সবসময়ই ‘অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি—বিশেষ করে নির্বাচন—নিয়ে হস্তক্ষেপ বা মন্তব্য করার’ বিষয়ে আপত্তি জানিয়ে এসেছেন।

মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে জোট সরকারের নেতৃত্ব গ্রহণের পর গত ১৬ মাসে রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্র্যাট নেতা মের্ৎসের প্রতি জনসমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে; অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সৃষ্ট হতাশার কারণেই মূলত এমনটা ঘটেছে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *