নন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধন
বগুড়ার নন্দীগ্রামে হাটবাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজারে এই নির্মাণকাজের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল।
উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন, নন্দীগ্রাম সদর ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রনবাঘা বাজারে এই সিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই রাস্তা নির্মাণের ফলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে স্থানীয়দের যে দুর্ভোগ পোহাতে হয়, তা অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন, জনগণের প্রয়োজন ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অন্যান্য রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন করা হবে।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রোহান/সা.এ.
