বড় পর্দায় একসঙ্গে বাঁধন-ফারিয়া, আসছে নতুন সিনেমা ‘লজ্জা’
নিজ নিজ ক্যারিয়ারে সফল দুই জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়াকে এবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। তাঁদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন।
সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিতব্য এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ নিজেই।
সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে প্রযোজনা প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং আবদুল আজিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

জানা গেছে, অভিনেত্রী বাঁধন বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। বিশ্বখ্যাত ভেনিস চলচ্চিত্র উৎসবে লড়ছে তাঁর অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ওই উৎসবের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেই তিনি ‘লজ্জা’র শুটিংয়ে যোগ দেবেন।
এর বাইরে বছরের শেষ দিকে মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলী’ নামের আরও একটি সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর।

অন্যদিকে ‘লজ্জা’র পাশাপাশি নুসরাত ফারিয়ার হাতে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। ইতিমধ্যে সিনেমাটির শুটিং প্রায় শেষ, বাকি কেবল একটি গানের দৃশ্যায়ন।

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
