সাফের সভাপতি পদে টানা পঞ্চমবার কাজী সালাউদ্দিন


দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবল তারকা কাজী সালাউদ্দিন।

শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন কাজী সালাউদ্দিন। ফলে কোনো ভোট ছাড়াই কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে তাকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা যদি নির্ধারিত পদের সমান বা কম হয়, তাহলে ভোটগ্রহণ ছাড়াই কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচিত হন। এই বিধান অনুসারেই নতুন মেয়াদে দায়িত্ব পেলেন সালাউদ্দিন।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাউদ্দিন। এর আগে সাফের গঠনতন্ত্রে সভাপতির জন্য ৭০ বছর বয়সসীমার বিধান ছিল। তবে গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সেই সীমা বাতিল করা হয়। এর ফলে ৭১ বছর বয়সেও নতুন মেয়াদে দায়িত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

নতুন কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাফের নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির সদস্য হয়েছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

বাফুফের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও আঞ্চলিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাফে নেতৃত্ব ধরে রাখলেন কাজী সালাউদ্দিন। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার নেতৃত্বে শুরু হবে সাফের টানা পঞ্চম মেয়াদ।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *