বিশ্বজুড়ে ‘স্পাইডার–ম্যান’–ঝড়, কোন নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ছবিটি
শুক্রবারের আয়ের হিসাব থেকে প্রিভিউ বাদ দিলে ছবিটির মূল শুক্রবারের আয় প্রায় ৯ কোটি ৫০ লাখ থেকে ১০ কোটি ডলার হতে পারে। সেই ধারা বজায় থাকলে তিন দিনে ছবিটির মোট আয় ৩৪২ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শুক্রবারের আয় যদি আরও কিছুটা বাড়ে, তাহলে ‘এন্ডগেম’-এর রেকর্ডও হুমকির মুখে পড়তে পারে।
এর আগে বুধবারের বিশেষ প্রদর্শনী ও বৃহস্পতিবারের প্রিভিউ মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছে ৭ কোটি ২০ লাখ ডলার। এটিও হলিউডের ইতিহাসে সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে, যার প্রিভিউ আয় ছিল ৬ কোটি ডলার।
দর্শকের প্রতিক্রিয়াও ছবিটির পক্ষে যাচ্ছে। জরিপ প্রতিষ্ঠান পোস্টট্র্যাকের তথ্য অনুযায়ী, সাধারণ দর্শক, অভিভাবক ও শিশু—সব শ্রেণির দর্শকের কাছ থেকেই ছবিটি সর্বোচ্চ পাঁচ তারকা রেটিং পেয়েছে।
এদিকে ‘স্পাইডার-ম্যান’–ঝড়ে অন্য ছবিগুলোর আয় কিছুটা কমলেও ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য অডিসি’ শক্ত অবস্থান ধরে রেখেছে। তৃতীয় সপ্তাহান্তে ছবিটির আয় প্রায় ৫ কোটি ২০ লাখ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে উত্তর আমেরিকায় এর মোট আয় ৪০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে যাবে।
