লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাও


প্রকাশিত: ১০:৩৮, ৪ আগস্ট ২০২৬  


মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

লোডশেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাও

মুন্সীগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে সোমবার (৩ আগস্ট) বিকেলে পল্লী বিদ্যুতের অফিসের সামনে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ করেন


মুন্সীগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভকারীরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের জোনাল অফিসে এ ঘটনা ঘটে। বিক্ষোভে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা অফিস ঘেরাও করলে সেখানে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা জানান, প্রতিদিন দিনের বড় একটি সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে তাদের। অতিরিক্ত গরম ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ করেন তারা।

বিক্ষোভকারীরা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তারা কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে তারা বিক্ষোভ কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মানোয়ার মোরশেদ বলেন, “আমাদের বিদ্যুৎ সরবরাহে ঘাটতি থাকায় গ্রাহক পর্যায়ে লোডশেডিং করতে হচ্ছে। বর্তমানে জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ১৬৪ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ১১৪ মেগাওয়াট। ফলে প্রায় ৫০ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুতের সরবরাহ বাড়লে এ সমস্যার সমাধান হবে।”

ঢাকা/রতন/ফিরোজ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *