পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সঙ্গে সহমত: তথ্যমন্ত্রী
শেখ হাসিনার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তথ্যমন্ত্রী হিসেবে সেই বক্তব্যেরই তার সঙ্গে সহমত প্রকাশ করছি।”
তিনি বলেন, “সংশ্লিষ্ট বিষয়ে সরকারের অবস্থান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের মধ্যেই স্পষ্ট হয়েছে।”
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ের তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তরের ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “আপনারা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং বক্তব্য দেখেছেন। আমার প্রিয় সহকর্মী পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমি তথ্যমন্ত্রী হিসেবে সেটার সঙ্গে সহমত প্রকাশ করছি।”
তিনি বলেন, “জুলাইয়ের পরিবর্তনের মধ্য দিয়ে দেশ শিকল ভাঙার যে প্রত্যয় দেখিয়েছে, সেই ধারাবাহিকতায় একটি শিকলমুক্ত, গণতান্ত্রিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”
জহির উদ্দিন স্বপন বলেন, “এবারের যে শিকল ভাঙার আন্দোলন, তার বড় বৈশিষ্ট্য হচ্ছে শিকল ভাঙার পরে আমরা কী করব, তা আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে আগেই বলেছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলছি।”
তিনি বলেন, “আমরা যেমন শিকল ভাঙতে পেরেছি, তেমনি একটি শিকলমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা অটল প্রতিজ্ঞ।”
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “শিকল ভাঙার জুলাই কেবল একটি প্রকাশনা নয়, এটি জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল।”
তিনি জানান, সংকলনটিতে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ দায়িত্বশীল ব্যক্তিদের স্মৃতিচারণ, বিশ্লেষণ ও আলোকচিত্র স্থান পেয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. শাহ আলম, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
