পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ
সরকারি চিকিৎসকদের ডিপিসির মাধ্যমে পদোন্নতির লক্ষ্যে এইচআরআইএস (HRIS) প্রোফাইলে তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৬ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় ১৯টি তথ্য নির্ভুলভাবে হালনাগাদ করতে বলা হয়েছে।
১২ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের বিষয়ভিত্তিক গ্রেডেশন তালিকা তৈরির লক্ষ্যে অত্যাবশ্যকীয় ১৯টি তথ্য এইচআরআইএস প্রোফাইলে নির্ভুলভাবে হালনাগাদ করতে হবে। তথ্যগুলোর মধ্যে রয়েছে—বিসিএস ব্যাচ, নিয়োগের প্রজ্ঞাপন, মেধাক্রম, নিয়মিতকরণের তথ্য, এমবিবিএস/বিডিএস ডিগ্রির সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন, উচ্চতর ডিগ্রির তথ্য, প্রথম পদায়ন ও যোগদানের তারিখ, বর্তমান কর্মস্থল, পদোন্নতির ইতিহাস, চাকরি স্থায়ীকরণ, বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষার তথ্য, পাবলিকেশন এবং পরবর্তী পদোন্নতির পদবি ও ডিসিপ্লিন।
অধিদপ্তর সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের পর পরবর্তী পদোন্নতির পদবি (Desired Next Promotion Designation) এবং ডিসিপ্লিন (Desired Next Promotion Discipline) সংক্রান্ত তথ্য আর পরিবর্তন করা যাবে না। নির্ধারিত সময়ের পরের সকল আবেদন ও তথ্য হালনাগাদে কোনো ত্রুটি থাকলে তা বাতিল বলে গণ্য হবে। এছাড়া, ভুল তথ্য প্রদান করলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসইউজে/এমএমকে
