পাঁচ বছর পর সিনেমায় আগুন, গাইলেন ‘স্বপ্নের নায়িকা’


সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গান দিয়ে প্লেব্যাকে অভিষেক ঘটে সংগীতশিল্পী আগুনের। প্রথম সিনেমার গানেই শ্রোতাদের মন জয় করেন। এরপর ধারাবাহিকভাবে জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। তবে মাঝে প্লেব্যাক থেকে দীর্ঘ বিরতি নেন, ফের চলচ্চিত্রের গানে ফিরেছেন আগুন। 

সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আগুন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা। ‘স্বপ্নের নায়িকা’ শিরোনামের গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীতায়োজন করেছেন আনোয়ার শিকদার টিটন। 

এ গান প্রসঙ্গে টিটন বলেন, “আগুন আমাদের দেশের চলচ্চিত্রের সোনালি দিনের একজন গায়ক। গানটি করার সময়ই তার কথা মাথায় ছিল। পরে সুর ও সংগীতায়োজন সম্পন্ন করে তাকে পাঠাই। গানটি তারও পছন্দ হয়। এরপর আনন্দ নিয়েই রেকর্ডিং সম্পন্ন করেছেন।” 

আগুনের চলচ্চিত্রে প্লেব্যাকের যাত্রা শুরু হয়েছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে। এরপর ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’ ও ‘আমার আছে জল’সহ অসংখ্য সিনেমায় গান করেছেন তিনি। 

কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের পুত্র আগুনের আসল নাম খান আসিফুর রহমান। তবে ‘আগুন’ নামেই তিনি শ্রোতামহলে পরিচিত। নব্বই দশকে তার কণ্ঠের বেশ কিছু গান তুমুল জনপ্রিয়তা পায়। বিশেষ করে চলচ্চিত্রের গানে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। 

তবে গত এক থেকে দেড় দশক ধরে গানে নিয়মিত দেখা যায়নি এই শিল্পীকে। ২০২১ সালে ‘শত্রু’ সিনেমার গানে কণ্ঠ দেওয়ার পর দীর্ঘ বিরতি শেষে এবার ‘স্বপ্নের নায়িকা’ গানে পাওয়া গেল তাকে। নতুন এই গানের মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে আগুনের ফেরাটা শ্রোতাদের জন্য কতটা আনন্দের হয়, এখন তা দেখার অপেক্ষা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *