রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন দাদি-নাতনি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জেলার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলকার বাসিন্দা মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পারের সময় জোৎস্না বেগম ও তার নাতনি চাঁদনী আক্তার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, ডাক্তার দেখানোর জন্য নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তার ফুফু। ডাক্তার দেখানো শেষে বাড়ি ফেরার সময় রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জাহিদ পাটোয়ারী/এফএ
