বাংলাদেশের কবিতায় কৃষক-শ্রমিকের জীবন


বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে ইসমাইল সাদীর গবেষণাধর্মী বই ‘বাংলাদেশের কবিতা: কৃষক-শ্রমিকের জীবনপ্রসঙ্গ’। বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। চলতি বছরের জুন মাসে প্রকাশিত ৩০৪ পৃষ্ঠার বইটির মূল্য ৬০০ টাকা। বইটি বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।

বাংলা একাডেমি জানায়, বাংলাদেশের বেশিরভাগ মানুষের শেকড় কৃষক-শ্রমিক পরিবারে প্রোথিত। এই অঞ্চলের কবি-লেখকরাও গ্রাম-বিচ্ছিন্ন নন। কৃষিভিত্তিক সমাজ এখনো এখানে অস্তিত্বের ভিত গড়ে দেয়। এই প্রত্যাশা সংগত যে, মৃত্তিকা-সংলগ্ন কবিদের কবিতায় বিচিত্র বিষয় ও প্রবণতার পাশাপাশি কৃষক-শ্রমিকের জীবনপ্রসঙ্গ উপাদান হিসেবে প্রাধান্য পাবে।

আদতে কৃষক-শ্রমিকের জীবনপ্রসঙ্গ কতটা স্থান পেয়েছে বাংলাদেশের কাব্যশিল্পে—তারই নৈর্ব্যক্তিক পর্যবেক্ষণ উপস্থাপিত হয়েছে এই গ্রন্থে। চর্যাপদ থেকে শুরু করে বাংলাদেশের কবিতার নির্দিষ্ট সময়পর্বকে (১৯৪৭-১৯৯০) গবেষণার আওতাভুক্ত করা হয়েছে। ওই সময়ের কবিতায় কৃষক-শ্রমিকের জীবনপ্রসঙ্গের বিষয়গত মাত্রা ও বৈশিষ্ট্য এবং কবিদের নান্দনিক সাফল্য চিহ্নিত হয়েছে গুণগত অনুসন্ধান পদ্ধতিতে।

গবেষণাকর্মটিতে সমাজবৈজ্ঞানিক ও নন্দনতাত্ত্বিক মূল্যায়ন-দৃষ্টিরও সমন্বয় সাধিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের কবিতার নান্দনিক সমীক্ষার চেষ্টা করা হয়েছে মার্কসবাদী তাত্ত্বিকতাকে বিবেচনায় নিয়ে। গ্রন্থটিতে কৃষক-শ্রমিকের জীবনপ্রসঙ্গে কবিদের ভাষাগত স্বকীয়তা, শব্দস্বাতন্ত্র্য, চিত্রকল্পের মৌলিকরূপসহ নান্দনিকতার সামগ্রিক স্বরূপও লেখক অন্বেষণ করেছেন।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *