চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, উদ্ধার শাহবাগ ট্রাফিক পুলিশের
রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকায় চলন্ত রিকশা থেকে এক নারীর সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে শাহবাগ ট্রাফিক পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
আটককৃত ব্যক্তি হলেন- মনির হোসেন (৩৬)।
শাহবাগ ট্রাফিক জোনের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার দুপুরে গোলাপ শাহ মাজার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট রানা পাল দেখতে পান, এক ব্যক্তি চলন্ত রিকশায় থাকা এক নারী যাত্রীর গলা থেকে সোনার চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছে। বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা সোনার চেইনটি উদ্ধার করা হয়।
উদ্ধার চেইনটি ভুক্তভোগীকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত মনির হোসেনকে শাহবাগ থানার হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
কেআর/এনএইচআর
