সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের প্রকাশিত ই-বুকটিতে সরকারের প্রথম ১৮০ দিনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ, রাষ্ট্র সংস্কার, অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম তুলে ধরা হয়েছে।
ই-বুকের শুরুতে বলা হয়েছে, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট ২০২৬— এই ছয় মাস বা ১৮০ দিনের সরকারের কার্যক্রম এতে তুলে ধরা হয়েছে।
প্রকাশনায় বলা হয়েছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে বাংলাদেশ পুনর্গঠনের কার্যক্রম শুরু করেছে। সরকারের অগ্রাধিকার হিসেবে অর্থনীতিতে স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
ই-বুকে আরও বলা হয়েছে, সরকার শুধু নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রক্রিয়ায় নেই; প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক ক্ষেত্রেও গুণগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ধৈর্য ও সহনশীলতার রাজনীতির পথে হাঁটার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অপ্রয়োজনীয় দলীয় প্রভাব ও নেতাদের ছবি টাঙানোর সংস্কৃতি বন্ধের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রকাশনায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপনেও পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে। সরকারি কাজে অপচয় ও অপ্রয়োজনীয় বিদেশ সফর পরিহার এবং নিজের মূল বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার কথা এতে উল্লেখ করা হয়েছে।
ই-বুকটিতে বলা হয়েছে, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে— এই ধারণা থেকে সরকারের প্রথম ১৮০ দিনের কাজের বিবরণ তুলে ধরে ই-বুকটি প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ওয়েবসাইটের ‘ই-বুক ও ব্রোশিওর’ বিভাগে প্রকাশনাটি পাওয়া যাচ্ছে।
