হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৯১৮ জনের মৃত্যু হল।
এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। হামের উপসর্গ নিয়ে ৮১৯ জন প্রাণ হারিয়েছেন।
অধিদপ্তরের মঙ্গলবারের(১৮ আগস্ট) বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ৫৯ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৫ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৮, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯০৩ জন।
ঢাকা বিভাগে ভর্তি ২৯৫ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১১৫, চট্টগ্রামে ২৫৬, বরিশালে ৮৬, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৬০, রংপুরে ৯ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৬ হাজার ২৮৯ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন হাসপাতাল ছেড়েছে।
অন্যদিকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৪ হাজার ৭৮০ জন; আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৮৯ জন।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
