এই মুহূর্তে শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ গ্যাস-বিদ্যুৎ সংকট: বিকেএমইএ
গ্যাস ও বিদ্যুৎ সংকটকে এই মুহূর্তে দেশের শিল্পখাতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম এক মূল্যায়ন বার্তায় এ কথা বলেছেন।
বিকেএমইএ জানায়, কোনো সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস যথেষ্ট সময় নয়। তারপরও ব্যবসা পরিচালনাকে সহজতর করে বেসরকারি খাতকে সহায়তা করা এবং অর্থনীতির গতিধারা ফিরিয়ে আনার জন্য নতুন সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
উদাহরণ হিসেবে সংগঠনটি বলে, বেসরকারি খাতকে সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু উদ্যোগ রয়েছে। যাতে আছে- রুগ্ন, আংশিক বন্ধ বা বন্ধ কারখানাগুলোকে পুনঃঅর্থায়নের মাধ্যমে পুনরায় চালু করতে প্রণোদনা প্যাকেজ দেওয়া। কিছু নীতিগত বিষয় সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে।
আংশিক রপ্তানিমুখী এবং বন্ড সুবিধাবিহীন রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার সরকারের সিদ্ধান্তকেও মোহাম্মদ হাতেম স্বাগত জানান। তিনি বলেন, ‘এটি আমাদের রপ্তানিকারকদের জন্য অনেক সহায়ক হবে এবং তাদের কার্যক্রম পরিচালনা সহজ করবে। কর নীতিতেও ভালো কিছু পরিবর্তন এনে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছে।’
মূল্যালয়ে বলা হয়, এই মুহূর্তে শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো গ্যাস ও বিদ্যুৎ সংকট। এসব সমস্যার স্বল্পমেয়াদি সমাধান করা সম্ভব নয়, কারণ সরকার আগের সরকারের কাছ থেকে এসব চ্যালেঞ্জ উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তবুও প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী তা সমাধানের লক্ষ্যে স্বল্পমেয়াদে তাৎক্ষণিক বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ চেয়েছেন- এসব সমস্যা কীভাবে সমাধান করা যায়। দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন। সরকারের এসব উদ্যোগের অংশ হিসেবে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
এরই অংশ হিসেবে সরকার আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কিছু এলএনজি আমদানি করেছে। অর্থমন্ত্রীও গত রোববার এক অনুষ্ঠানে ব্যাখ্যা করেছেন যে এলএনজি সংকট সমাধানের কোনো শর্টকাট নেই। কারণ নতুন একটি এফএসআরইউ স্থাপনে প্রায় দুই বছর সময় লাগবে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী সরকার আরেকটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দুই বছরের মধ্যে গ্যাস সংকটের সমাধান করা সম্ভব হবে।
বিকেএমইএ জানায়, বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও ব্যাংকিং খাতের সমস্যাগুলো এখনো সমাধান হয়নি। এছাড়া, এ সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।
‘সামগ্রিকভাবে আমরা দেখছি, সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করি, তারা দীর্ঘমেয়াদে এসব সমস্যার সমাধান করতে সক্ষম হবে,’ যোগ করা হয় মূল্যায়নে।
একিউএফ/
