ফরিদপুরে কথা কাটাকাটির জেরে গাড়ি থেকে পিস্তল বের করে গুলি


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রাইভেট কার থেকে পিস্তল বের করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার(১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু।

স্থানীয়দের ভাষ্য, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কার ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কে দাঁড় করানো হয়। এ সময় স্থানীয় কয়েকজন গাড়িটি রাস্তার পাশে সরিয়ে রাখতে বললে গাড়িতে থাকা এক যুবক ও এক তরুণীর সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে কয়েকজন স্থানীয় যুবক সেখানে এগিয়ে এলে ওই যুবক গাড়িতে উঠে ব্যাগ থেকে পিস্তল বের করেন বলে অভিযোগ। পরে তিনি পরপর দুটি গুলি ছুড়ে গাড়ি নিয়ে চলে যান।

গুলির শব্দে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছোটাছুটিতে দুজন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফেইসবুকে ছড়িয়ে পড়া ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রাইভেট কারের ভেতর থেকে এক যুবক পিস্তল বের করে গুলি ছুড়ছেন। এ সময় তিনি গালাগালও করেন। গুলির শব্দে আশপাশের লোকজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয়রা জানান, গুলি ছোড়ার পর ওই যুবক ও তরুণী গাড়ি নিয়ে খুলনার দিকে চলে যান। তবে গাড়িটির নম্বর ও ওই যুবকের পরিচয় জানা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু বলেন, গুলিবর্ষণের ভিডিও পুলিশ পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওসহ বিভিন্ন তথ্য যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *