শিশু অপহরণের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত
খুলনা নগরীতে শিশু অপহরণের অভিযোগে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ পিটুনি দেওয়া হয়। এতে আহত ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
নিহত ব্যক্তির নাম রাজু (২৬)। তিনি ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
খুলনা মহানগর পুলিশের আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাজু দুপুর পৌনে ২টার দিকে রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশের বাসিন্দা হাসান গাজীর মেয়ে মিমকে (৪) অপহরণের চেষ্টা করেন। এসময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে আড়ংঘাটা থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
এআরএএন/একিউএফ
