শ্রমিক দল নেতাকে অপহরণ, কিছু দূর গিয়েই দুর্ঘটনার কবলে গাড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল আলম নুরুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বিবিরহাট বাজারের এক নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুল আলম জানান, রাতে বাড়ি ফেরার পথে বিবিরহাট বাজারের এক নম্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দু-তিন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নেন। গাড়িটি পরে প্রায় ১০০ গজ দূরে গিয়ে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অপহরণকারী ব্যক্তিরা পালিয়ে যান।
নুরুল আলমের দাবি, ঘটনাটি পরিকল্পিত। তাকে অপহরণ ও হত্যার উদ্দেশ্যেই অটোরিকশায় তুলে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি কাভার্ড ভ্যানে ধাক্কা দেওয়ার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। এসময় অটোরিকশার চালকসহ দুই থেকে তিনজন ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, নুরুল আলমের অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআরএএইচ/একিউএফ
