ছাত্রীদের কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুন্ডকারের অভিযোগ, রাজু ভাস্কর্যের সামনে থেকে রিকশা নেওয়ার সময় তিন নারী শিক্ষার্থীকে কয়েকজন বহিরাগত বাজে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী প্রতিবাদ জানাতে গেলে তাদের সঙ্গে প্রথমে ধাক্কাধাক্কি এবং পরে মারধরের ঘটনা ঘটে।
শিমুল কুন্ডকার বলেন, ‘আমি তাদের আটকাতে গেলে আমাকেও কিল-ঘুষি দেওয়া শুরু করে। তখন ছাত্রদলের মিছিল থেকে কয়েকজন এসে যুক্ত হয়। এতে আমাদের তিন-চারজন মার খেয়েছে।’
তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে ছাত্রদলের অনুসারী কয়েকজন ছিলেন। তবে তাদের বহিরাগত দাবি করে তিনি নির্দিষ্ট পরিচয় জানাতে পারেননি।
এদিকে, ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের দিকে যায়। এসময় সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, হামলায় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুন্ডকার আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অঞ্জু অরিন্দম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিমও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছে ছাত্র ইউনিয়ন।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান ইমু অভিযোগ করেন, ক্যাম্পাসে শোডাউনে আসা ছাত্রদল মহানগরের কর্মীদের দ্বারা কয়েকজন নারী শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর হামলা করা হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘এ ঘটনার বিষয়ে আমি শুনেছি। তারা ঘটনার পর আমাদের প্রক্টরিয়াল টিমকে ফোন করে। সেখানে আমাদের টিম যায়। তখন হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। আমরা এখন এটা নিয়ে কী করা যায় দেখছি।’
হামলায় ছাত্রদলের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আরটি/একিউএফ
