বিশেষ দিনে দেবকে খোলা চিঠি শুভশ্রীর
টলিউডের এক সময়ের সবচেয়ে চর্চিত অফস্ক্রিন জুটি। তাঁদের প্রেম কাহিনি নিয়ে যত চর্চা হয়েছে, ততটাই আলোচনায় থেকেছে তাদের ব্রেকআপ। ভালোবাসা পূর্ণতা পায়নি, সম্পর্কে এসেছে তিক্ততাও। তবে সব ভুলে ফের এক হয়েছেন দুজনে। দ্বিতীয় দফায় শুধুমাত্র পেশাদার তাগিদে। এক দশক পর ফের একসঙ্গে শ্যুটিং সারলেন দেব-শুভশ্রী। দেবের সব প্রথমের সাক্ষী তাঁর ‘প্রাক্তন’ শুভশ্রী।
‘দেশু ৭’-এর শুটিং বুধবার(১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শেষ হলো। আর এই বিশেষ দিনেই পরিচালক দেবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখলেন ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
তিনি লিখেছেন, ছবির শেষ শুটিংয়ের দিনে শুভশ্রী তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতার পরিচালনায় কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখেন, ‘আমরা দুজনই প্রায় একই সময়ে আমাদের ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু এই ছবির অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা, কারণ এটি তোমার প্রথম পরিচালিত ছবি এবং সেখানে তোমার চিন্তাভাবনা রূপ পেতে দেখেছি।’
‘সত্যি বলতে, শুরুতেই আমি কিছুটা ঈর্ষান্বিত বোধ করেছিলাম। ছবি বানানোর দৃষ্টিভঙ্গি ও চিত্রনাট্য নিয়ে তুমি এতটা স্পষ্ট ও সর্টেড কীভাবে হতে পারো তা দেখে অবাক হয়েছিলাম! ভেবেছিলাম— বিভিন্ন চরিত্রে অভিনয় করার মাঝে হঠাৎ করে পরিচালক হিসেবে এত কিছু কখন আর কীভাবে শিখে গেল? কিন্তু দিন গড়ানোর সাথে সাথে আমার সেই হিংসাটা অনুপ্রেরণায় বদলে যায়।’
তিনি আরও যোগ করেন, ‘দেশু ৭ মুক্তি পেলে টলিউড ইন্ডাস্ট্রি যে এক নতুন যুগের সফল পরিচালক পাবে, সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। তুমি সাধারণ দর্শককে বিনোদন দেওয়ার মতোই গল্প বলবে।’
চিঠির শেষে দেবের ভবিষ্যৎ পরিচালক হিসেবে পথচলার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা জানান ইউভান-ইয়ালিনির মা। স্পষ্ট লেখেন, ‘তোমার জন্য গর্ব হয়। পরিচালক হিসাবে তোমার ভবিষ্যতের পথচলার জন্য অনেক শুভকামনা রইল’।
উল্লেখ্য যে, দেব-শুভশ্রীর জুটি শেষবার নতুন করে আলোচনায় আসে ‘ধূমকেতু’ ঘিরে। সিনেমাটির শুটিং হয়েছিল ২০১৫ সালে। দীর্ঘ সময় বাক্সবন্দি থাকার পর ২০২৫ সালের আগস্টে মুক্তি পায় সিনেমাটি। দেবের প্রযোজিত প্রথম সিনেমার নায়িকা হিসেবে শুভশ্রীকে নেয়ার প্রতিশ্রুতিও শেষ পর্যন্ত রেখেছিলেন দেব। সিনেমার প্রচারে বহু বছর পর দুজনকে একসঙ্গে দেখা যায়। এরপর ‘ধূমকেতু’র সাফল্যের পর ফের একসঙ্গে কাজের সুযোগ তৈরি হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বাংলাদেশ জার্নাল/এসআইপি
