বিএসইসি চেয়ারম্যানের নামে বিভ্রান্তিকর সংবাদ, সতর্ক করল কমিশন


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব মাসুদ খানকে উদ্ধৃত করে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে নিজস্বভাবে প্রস্তুতকৃত বা উপস্থাপিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার বা প্রকাশের বিষয়টি অনভিপ্রেত এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানটি সবার প্রতি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে যথাযথ সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসইসি স্পষ্টভাবে জানাচ্ছে যে, যেসব সংবাদমাধ্যমকে বিএসইসি চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান করেননি, সেসব মাধ্যমে তার নামে প্রকাশিত বা উদ্ধৃত বক্তব্যকে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিজস্বভাবে প্রস্তুতকৃত বা উপস্থাপিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার বা প্রকাশের বিষয়টি অনভিপ্রেত এবং বিভ্রান্তিকর।

এছাড়া, উক্ত সংবাদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও শেয়ার এবং প্রচার করা হচ্ছে, যেখানে সংবাদটির বক্তব্যকে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এ ধরনের প্রচার বিএসইসি চেয়ারম্যান এবং কমিশনের অবস্থান সম্পর্কে জনসাধারণ ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং পুঁজিবাজারে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে।

বিএসইসি মনে করে, পুঁজিবাজারের মতো সংবেদনশীল ও বিনিয়োগকারীদের আস্থার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান বা কমিশনারের নামে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করে তা প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি করতে পারে।

এমন পরিপ্রেক্ষিতে বিএসইসি সকল সংবাদমাধ্যম, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং পুঁজিবাজারের সংশ্লিষ্ট সকলকে যাচাই-বাছাই ছাড়া বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা অবস্থান প্রচার না করার জন্য সতর্ক করছে।

বিএসইসি আরও জানায় যে, কমিশনের কোনো সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি এবং কমিশনের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করা উচিত।

বিএসইসি সকলের প্রতি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচারের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *