ডিউক জনের চার মূর্তি সিরিজের গল্প—দুঃসহ দুপুরে
তপ্ত একটা দুপুর। কেউ নেই ওদের চারপাশে। জলের মৃদু কলতান আর পাখপাখালির ক্লান্ত ডাক ছাড়া চারদিক একেবারে নিস্তব্ধ। এমনভাবে ঘুমে বিভোর হয়ে আছে চার বন্ধু, যেন শুয়ে ওরা যে যার বিছানায়।
হঠাৎ দূরের রাস্তা দিয়ে জোরাল আওয়াজ তুলে চলে গেল একটা সাইডকারওয়ালা মোটরবাইক, কিছুই শুনতে পেল না ছেলেরা। জানলও না যে স্পিড কমিয়ে একপর্যায়ে বনের ভেতর ঢুকে পড়েছে মোটরসাইকেলটা।
তৃণাবৃত রাস্তা ধরে ধীরগতিতে চলতে লাগল মোটরবাইক, এখন আর আওয়াজ হচ্ছে না তেমন। ঝোপটার কাছাকাছি এসে পৌঁছাল ওটা, যেটার আড়ালে সুখনিদ্রা দিচ্ছে চার বন্ধু।
আচমকা ইঞ্জিনটা একটু কাশির মতো শব্দ করে উঠতেই চমকে জেগে গেল আদনান।
কিসের আওয়াজ?
উৎকর্ণ হয়ে শোনার চেষ্টা করল কিছু, তবে ততক্ষণে থেমে গেছে মোটরবাইক।
ফের চোখ লেগে এল আদনানের।
কিন্তু তক্ষুনি আবার নিচু কণ্ঠের আওয়াজ কানে আসতেই ঝট করে খুলে গেল চোখজোড়া।
মনে হলো, কাছেপিঠেই কথা বলছে একাধিক কণ্ঠ। কিন্তু ঠিক কোন জায়গায়?
উঠে বসল আদনান। সন্তর্পণে ঝোপ ফাঁক করে উঁকি দিল। অনতিদূরে দেখতে পেল ও বাইক, সাইডকার আর গাড়ি দুটোর দুই আরোহীকে।
বাহন ছেড়ে নেমে এল যাত্রীরা। লোক দুটোকে মোটেই ভালো লাগল না আদনানের।
‘কী অদ্ভুত লোকগুলো!’ ভাবল ও। ‘গরমের এই দুপুরবেলায় ওরা কী করছে এখানে?’
নিচু স্বরে কথা বলছিল দুজনে, এরপর তর্কাতর্কি শুরু হলো ওদের। একজন বলল, ‘গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ অনুসরণ করছিল আমাদের! সে জন্যই জিনিসটা লুকানোর জন্য এখানে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না।’
একটা ব্যাগ নামানো হলো সাইডকার থেকে। চরম বিরক্তিতে ঘোঁৎ ঘোঁৎ করছে অপরজন। সঙ্গীর ইচ্ছার সঙ্গে একমত নয় যেন।
‘আমার মনে হয়, এই গাছটায় লুকালে ব্যাগটা খুঁজে পাবে না কেউ,’ আবার বলল প্রথমজন, ‘কী হলো, এমন হাঁড়ির মতো করে রেখেছ কেন মুখটা? বললাম না, ফলো করা হচ্ছিল আমাদের! এটা এখন সাথে রাখলে বমাল ধরা খাওয়ার ঝুঁকি আছে। খোদার কাছে শুকরিয়া করো যে ট্রাফিক সিগন্যাল অমান্য করাতেই কেবল পালাতে পেরেছি আমরা।’
সাবধানে বন্ধুদের ঘুম থেকে জাগাল আদনান। ফিসফিস করে বলল, অদ্ভুত কিছু ঘটছে এখানে।
পাতার ফাঁক দিয়ে চেয়ে দেখল ওরা মোটরবাইকের পাশে পড়ে থাকা মেইলব্যাগটা।
‘হচ্ছেটা কী, বলো তো!’ ফিসফিসিয়ে জানতে চাইল মুকিত। এত আরামের ঘুমটা নষ্ট হওয়ায় মেজাজটা তিরিক্ষি হয়ে আছে ওর, ‘চিল্লাব নাকি ওদের উদ্দেশে?’
‘খবরদার, না!’ চট করে ঠোঁটের ওপর আঙুল চলে এসেছে আদনানের, ‘কথাবার্তা শুনে তো মনে হচ্ছে বদমাশ লোক। সাথে পিস্তলটিস্তল থাকলে?’
‘ইশ্, কুটুসটা যদি এখানে থাকত এখন!’ আফসোস করল দীপ্র, ‘খরগোশের পেছনে পেছনে ব্যাটা বোধ হয় এক মাইল দূরে চলে গেছে এরই মধ্যে!’
‘হ্যাঁ। সংখ্যায় ওরা মাত্র দুজন হলেও অনেক বেশি শক্ত-সমর্থ আমাদের চারজনের চেয়ে।’ পাভেলের মন্তব্য, ‘অতএব, লুকিয়ে-চুরিয়ে নজর রাখা ছাড়া আপাতত কিছুই করার নেই আমাদের।’
‘কোথায় লুকাচ্ছে ব্যাগটা, সেটা অন্তত দেখতে পাব আশা করি।’ স্বগতোক্তি করল আদনান, ‘কে জানে, কী আছে ওতে!’
‘নিশ্চয়ই চুরির মাল…।’ অনুমান করল পাভেল।
‘ওই যে দেখো, নিয়ে যাচ্ছে ব্যাগটা!’ উত্তেজনার সঞ্চার ঘটেছে মুকিতের মাঝে। ঘুমটুম সব উধাও।
‘হুম…গাছে উঠছে ব্যাটারা!’ একটু জোরেই কথাটা বলে ফেলল দীপ্র। যদিও তা কানে গেল না রহস্যময় লোক দুটোর।
প্রথমে একজন উঠে পড়ল গাছের মাথায়। অন্যজন কিছুটা উঠে ব্যাগটা তুলে দিল তার হাতে।
ভীষণভাবে কুটুসের অভাব অনুভব করছে ছেলেরা এ মুহূর্তে।
এবার দেখা গেল, প্রথমজনের ডাকে দ্বিতীয় লোকটিও চেষ্টা করছে গাছ বাওয়ার। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, ধারণা করল চার বন্ধু। সম্ভবত কোথাও আটকে–টাটকে গেছে ব্যাগটা।
একটু পর দেখল ওরা, গাছের ওপরের ফাঁপা কোনো জায়গার মধ্যে ব্যাগ ঢোকানোর চেষ্টা করছে আগন্তুকেরা। শেষমেশ ‘ধুপ’ করে একটা আওয়াজের সঙ্গে ভেতরে পড়ে গেল জিনিসটা।
‘দূরো!’ উসখুস করে উঠল পাভেল, ‘এভাবে চুপচাপ বসে থাকার মানে হয় কোনো!’
বলে শেষ করতে পারল না, সহসা ছুটন্ত পায়ের আওয়াজ এসে ঢুকল ওদের কানে। সঙ্গে একটা পরিচিত হাঁকডাক : ‘হুফ! হুফ! হউফ!’
‘কুটুস!’ একসঙ্গেই চেঁচিয়ে উঠল দীপ্র আর আদনান।
তড়াক করে লাফিয়ে উঠে ইনক্রেডিবল হাল্কের মতো ঝোপের আড়াল ভেদ করল মুকিত। ‘গাছটা পাহারা দিতে বলো ওকে, পাভেল! জলদি!’ বলল ও চকিতে ঘাড় ঘুরিয়ে।
‘কুটুস—গার্ড!’ চিৎকার করে নির্দেশ দিল পাভেল। আঙুল তাক করেছে গাছটার দিকে।
ছুট লাগাল করিতকর্মা কুকুর। আতঙ্কিত দৃষ্টিতে গাছের ওপর থেকে তাকিয়ে রইল বদমাশ দুটো।
নির্দিষ্ট গাছটার নিচে এসে রক্ত হিম করা গর্জন ছাড়ল সোনালি স্প্যানিয়েল। লাফ দিয়ে নামার উদ্যোগ করছিল একজন, কুঁকড়ে গেল ভয়ে।
‘কুকুর সরাও!’ বলল সে চিৎকার করে, ‘কুত্তা লেলিয়ে দিয়েছ কেন আমাদের ওপর?’
‘আগে বলুন, কারা আপনারা!’ পাল্টা বলল পাভেল, ‘আর, কী লুকিয়েছেন ওই ব্যাগের মধ্যে?’
‘কিসের ব্যাগ? কিসের কথা বলছ!’ আকাশ থেকে পড়েছে যেন লোকগুলো, ‘পাগল নাকি তোমরা? কুত্তা সরাও! নইলে কিন্তু বাধ্য হব পুলিশ ডাকতে!’
‘বেশ তো, ডাকুন না!’ বুকের ওপর দুহাত বাঁধল আদনান, ‘আমরাও চাই যে পুলিশ আসুক।…এই, যাও তো একজন, পুলিশ নিয়ে এসো এখানে!’ চাইল ও বন্ধুদের দিকে। এরপর আবার ওপরে তাকিয়ে বলল, ‘ততক্ষণ পর্যন্ত ওখানেই থাকুন আপনারা। খবরদার, ভুলেও নামার চেষ্টা করবেন না যেন! তাহলে কিন্তু মাংস একদম তুলে নেবে কুটুস মিয়া! কী, মিয়াভাই, ঠিক বলেছি না?’
এমনই রাগা রেগেছে যে কথাই বলতে পারছে না লোক দুজন। ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছে শুধু। জোরে জোরে ঘেউ ঘেউ করতে করতে বারবার লাফঝাঁপ দিচ্ছে কুকুরটা, নাগাল ধরার চেষ্টা করছে ওদের।
দীপ্রর দিকে ফিরে বলল আদনান, ‘পাভেলকে নিয়ে চলে যাও তুমি হাইওয়ের দিকে। একটা গাড়ি থামিয়ে লিফট নাও থানা পর্যন্ত। ওরা যেন শিগগিরই লোক পাঠায় এখানে। তাড়াতাড়ি করো!’
তবে রওনা হওয়ার আগেই শোনা গেল আরেকটা মোটরসাইকেলের শব্দ। এরপর আরেকটা। জঙ্গলের এবড়োখেবড়ো, আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে আসছে ঝাঁকি খেতে খেতে।
নিশ্চুপ হয়ে গেছে বন্ধুরা। আরও গুন্ডা-বদমাশ এসে হাজির হয়েছে নাকি?
ঝটপট গাছের আড়ালে লুকিয়ে পড়ল ওরা। ঘাড় উঁচু করে দেখতে লাগল, কারা আসছে মোটরবাইকে।
‘ইয়াহু! পুলিশ!’ পরিচিত ইউনিফর্ম নজরে আসতেই বাতাসে মুঠো ছুড়ে উল্লাস ছাড়ল মুকিত, ‘নিশ্চয়ই ধাওয়াকারীরা! নির্ঘাত কেউ জঙ্গলে ঢুকতে দেখেছে ওদের! এই যে, এদিকে!’ গাছের ওপাশ থেকে বেরিয়ে এসে হাত নাড়ল ও, ‘কিছু খুঁজছেন নাকি আপনারা?’
বাহন থামাল বিস্মিত দুই পুলিশ অফিসার। সাইডকারসহ মোটরসাইকেলটা চোখে পড়েছে ওদের। চেঁচিয়ে জানতে চাইল একজন, ‘তোমরা কি দুজন লোককে দেখেছ, একটা ব্যাগসহ?’
‘হ্যাঁ, হ্যাঁ, দেখেছি তো!’ বলতে বলতে এগিয়ে গেল আদনান, ‘ওই গাছটার ওপরে আছে ওরা। ব্যাগটাও লুকিয়ে রেখেছে গাছের ফাঁকে!’
‘চিন্তা করবেন না,’ একগাল হেসে আশ্বস্ত করল দীপ্র, ‘আমাদের লক্ষ্মী কুকুর পাহারা দিচ্ছে ব্যাটাদের। একদম সময়মতো চলে এসেছেন আপনারা!’
‘খুব ভালো! খুব ভালো!’ ভয়ার্ত অপরাধী আর লম্ফঝম্ফ করতে থাকা কুকুরটাকে দেখে আন্তরিক খুশি পুলিশের লোকেরা, ‘ব্যাগটা ওপরে আছে, বলছ?’
