এবার এয়ারপড কানে থাকতেই ছবি তুলতে পারবেন


ভাবুন তো, কানে থাকা ইয়ারবাডকে শুধু গান শোনা বা ফোনে কথা বলার জন্য নয়, চারপাশের জিনিস চিনতে ব্যবহার করা যাচ্ছে। সামনে থাকা বই, কোনো পণ্য কিংবা অন্য কিছু দেখে সেটি সম্পর্কে তথ্যও পাওয়া যাচ্ছে। এমন প্রযুক্তির দিকেই এগোচ্ছে অ্যাপল। গুঞ্জন রয়েছে, ক্যামেরাযুক্ত নতুন এয়ারপডের মাধ্যমে এআই ওয়্যারেবল ডিভাইসের বাজারে প্রবেশ করতে পারে প্রতিষ্ঠানটি।

তবে এই নতুন এয়ারপডস খুব শিগগির বাজারে আসছে না। প্রযুক্তি সাইট গুরম্যানের তথ্য অনুযায়ী, নানা জটিলতার কারণে পণ্যটির সম্ভাব্য উন্মোচনের সময় ২০২৭ সালেই রাখা হয়েছে।

এয়ারপডে কীভাবে কাজ করবে ক্যামেরা?

নতুন এয়ারপডের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে এতে থাকা ছোট ক্যামেরা। তবে স্মার্টফোনের ক্যামেরার মতো ছবি বা ভিডিও তোলাই এর মূল কাজ হবে না।

প্রতিবেদন অনুযায়ী, এতে কম রেজল্যুশনের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। এই ক্যামেরা মূলত ব্যবহারকারীর চারপাশের পরিবেশ স্ক্যান করবে। সেই তথ্য কাজে লাগিয়ে অ্যাপলের এআই এবং সিরি ব্যবহারকারীকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে। অর্থাৎ সামনে থাকা কোনো জিনিস সম্পর্কে জানতে চাইলে এআই সেটি বুঝে তথ্য দেওয়ার চেষ্টা করবে।

ফাঁস হওয়া ভিডিওতে মিলেছে ইঙ্গিত

সম্প্রতি ম্যাকওএস টাহো ২৬.৭-এর একটি বেটা সংস্করণে ক্যামেরাযুক্ত এয়ারপডসের সম্ভাব্য উল্লেখ পাওয়া যায়। সেখানে একটি ডেমো ভিডিওতে একজন ব্যক্তিকে একটি বই এয়ারপডসের সামনে ধরতে দেখা যায়। এরপর ভিডিওর ভয়েসওভারে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চারপাশের কোনো কিছু সম্পর্কে তথ্য সংরক্ষণ বা জানতে পারার ইঙ্গিত দেওয়া হয়।

এই ভিডিও সামনে আসার পর অনেকেই মনে করেছিলেন, অ্যাপল হয়তো খুব শিগগিরই নতুন এয়ারপডস বাজারে আনতে পারে। এমনকি সেপ্টেম্বরে সম্ভাব্য আইফোন লঞ্চ ইভেন্টেও এটি দেখা যেতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। তবে মার্ক গুরম্যানের তথ্য সেই সম্ভাবনাকে কিছুটা পিছিয়ে দিয়েছে।

২০২৭ সালেই আসার সম্ভাবনা

গুরম্যানের মতে, ফাঁস হওয়া ভিডিও থাকলেও অ্যাপলের পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন হয়নি। ক্যামেরাযুক্ত এআই এয়ারপডসের জন্য ২০২৭ সালই এখনো সম্ভাব্য লঞ্চ সময়। প্রথমে ২০২৬ সালে পণ্যটি বাজারে আনার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। চলতি বছরের শুরুতে অ্যাপলের কর্মীদের মধ্যে এর উন্নত পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু উৎপাদনের দিকে এগোনোর সময় সরবরাহ ব্যবস্থা ও সফটওয়্যার সংক্রান্ত কিছু সমস্যার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এর ফলেই লঞ্চ পিছিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এয়ারপডসের দুটি মডেল নিয়ে কাজ চলছে

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল একই প্রযুক্তির দুটি আলাদা এয়ারপডস মডেল নিয়ে কাজ করছে। প্রথমটির কোডনেম বি৭৯০। এটি বর্তমান এয়ারপড প্রো ৩-এর পরিবর্তিত সংস্করণ হতে পারে। ফাঁস হওয়া ভিডিওতে যে ধরনের এয়ারপড দেখা গেছে, সেটি সম্ভবত এই মডেল। অন্য মডেলটির কোডনেম বি৭৯৮। এটি তুলনামূলকভাবে বড় ধরনের ডিজাইন পরিবর্তন নিয়ে আসতে পারে। এতে ক্যামেরার পাশাপাশি আরও কিছু সেন্সর যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সিরি হয়ে উঠবে আরও স্মার্ট

এই প্রযুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হতে পারে সিরির সঙ্গে এর সমন্বয়। এয়ারপডসের ক্যামেরা চারপাশের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করলে এআই সেই তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারবে।

যেমন, সামনে থাকা কোনো জিনিস কী, কোনো জায়গায় কী দেখা যাচ্ছে বা কোনো বস্তু সম্পর্কে পরে মনে করিয়ে দিতে হবে কি না এসব কাজে এআই সহায়তা করতে পারে। তবে এসব সুবিধা এখনো গুঞ্জন ও প্রতিবেদনের ওপর নির্ভরশীল। অ্যাপল আনুষ্ঠানিকভাবে ক্যামেরাযুক্ত এয়ারপডসের ঘোষণা দেয়নি।

এআই ওয়্যারেবলের দিকে অ্যাপলের নতুন পদক্ষেপ

ক্যামেরাযুক্ত এয়ারপডস শুধু নতুন একটি ইয়ারবাড নয়, বরং অ্যাপলের এআই হার্ডওয়্যার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। প্রতিষ্ঠানটি স্মার্ট গ্লাসসহ আরও কিছু ক্যামেরাভিত্তিক ওয়্যারেবল ডিভাইস নিয়েও কাজ করছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে আপাতত সবকিছুই গুঞ্জনের পর্যায়ে। সত্যিই যদি ২০২৭ সালে ক্যামেরাযুক্ত এয়ারপডস বাজারে আসে, তাহলে গান শোনা ও কল করার পরিচিত ইয়ারবাডই হয়তো হয়ে উঠবে ব্যবহারকারীর চারপাশ বোঝার এক নতুন এআই সহকারী।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *