জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: মুফ‌তি রেজাউল


“চব্বিশে হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপরিচালনা করুন। জনগণের মৌলিক চাহিদা সমূহ পূরণে যথাযথ পদক্ষেপ নিন। নয়তো জনগণের সহযোগিতা পাবেন না।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য ক‌রে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফ‌তি সৈয়দ রেজাউল করীম শুক্রবার (২১ আগস্ট) বিকে‌লে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ব‌লেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ব‌লেন, “আমরা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছি। দীর্ঘদিনের পথচলায় আমাদের কেউ কেউ হতাশা ব্যক্ত করেন। কেন এখনো আমরা সফল হইনি? তাদেরকে বলব ‘মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে’। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মহান আল্লাহ তায়া’লা বলেছেন-তোমাদের ভয় এবং চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমীন হও। সুতরাং ধৈর্যের সাথে আল্লাহর রহমতকে পুঁজি করে কাজ করে যেতে হবে।”

“আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে ভালোবাসি। আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর চলছে। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল। মা তার সন্তানকে হারালো। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।”

কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে যারাই ক্ষমতায় ছিল তারা মানবাধিকার লঙ্ঘন করেছে ব‌লেও মন্তব‌্য ক‌রেন তি‌নি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘ‌টে‌ছে অভিযোগ ক‌রে মুফ‌তি সৈয়দ রেজাউল করীম ব‌লেন, “আপনারা দেখেছেন গতকাল রাতে নারায়ণগঞ্জে আমাদের যুব আন্দোলনের একটা তরতাজা প্রাণকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা এর নিন্দা জানাই। সাথে সাথে জড়িতদের সবাইকে গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

“আমরা চব্বিশে যেভাবে পাখির মত গুলি করে এদেশের মেধাবীদের হত্যা করা হয়েছিল, সে শব্দগুলো আমাদের কানে ধ্বনিত হচ্ছে। যারাই এসবের পুনরাবৃত্তি করবে, তাদেরই অবস্থা পতিত স্বৈরাচারের মতো হবে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ যারাই দেশ পরিচালনা করেছে, তাদের নীতি আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসে নাই। মায়েদের সন্তানহারা চিৎকার বন্ধ হয়নি। দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয় নাই। নির্বিচারে যুগ যুগ ধরে জেলে পড়ে থাকা বন্ধ হয় নাই। অতএব এসব নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না।”

একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া এবং আখিরাতে শান্তির পথ দেখাতে পারে যোগ ক‌রেন তি‌নি।

নগর উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের উপদেষ্টা এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন, দলের মহাসচিব মাওলনা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দীন, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি রেজাউল করীম আবরার, প্রফেসর ড. সরোয়ার হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, ড. ঈসা সাহেদী প্রমুখ।

সম্মেলন শেষে প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সভাপতি এবং নূরুল ইসলাম নাঈমকে সেক্রেটারি করে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *