গরু চুরির প্রতিবাদে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ


গাজীপুরের শ্রীপুরে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় প্রতিকার চেয়ে থানার সামনে প্রতিবাদ সভা করেছেন বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের শতাধিক বাসিন্দা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানার থানা মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। গ্রামবাসীরা দ্রুত গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে চুরি যাওয়া গরু উদ্ধারের দাবি জানান।

গ্রামবাসীর অভিযোগ, গত এক মাসে পোষাইদ গ্রামে ৪-৫টি চুরির ঘটনা ঘটেছে। তিনটি গরু চুরির ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগের ১৫ দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায়নি।

 

গ্রামবাসীর পক্ষ থেকে জাকির হোসেন রাজু বলেন, গরু চুরির বিষয়টি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমকে জানানো হয়েছে। একটি চুরির ঘটনায় মামুন নামের এক ব্যক্তিকে চোর হিসেবে শনাক্ত করে পুলিশকে জানানো হয়। তবে ওই ব্যক্তিকে আটক বা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ।

অভিযোগকারী আলী হোসেন, সাদির ও ইসলাম উদ্দিনের দাবি, তিনটি অভিযোগের মধ্যে একটি অভিযোগের তদন্তের দায়িত্ব শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুলকে দেওয়া হয়েছিল। ওই তদন্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তিনি তদন্তে ঘটনাস্থলে যাননি।

প্রতিবাদ কর্মসূচি শেষে গ্রামবাসীরা শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের সঙ্গে সাক্ষাৎ করলে ওসি দ্রুততম সময়ের মধ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ওসি শাহীনুর আলম বলেন, দ্রুততম সময়ের মধ্য গরু চোরদের চিহ্নিত করে গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকেও এলাকায় নজরদারি বাড়ানো হবে।

শিহাব খান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *