প্রধানমন্ত্রীর ভারত সফরে অসুবিধা নেই, তবে হতে হবে সমমর্যাদার ভিত্তিতে


জামায়াতের আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী সারা বিশ্বই সফর করতে পারেন। ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্ব, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে।’

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয়প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ–বাণিজ্যের টুঁটি চেপে ধরতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কি না, সেটিই বড় বিষয়।

দলের নেতা–কর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। মানুষের এই আস্থা অর্জন করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।’ আগামী স্থানীয় নির্বাচনে নেতা–কর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতা–কর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

মহানগর জামায়াতের আমির সংসদ সদস্য কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির সংসদ সদস্য মুজিবুর রহমান। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, সহকারী অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নজরুল ইসলাম ও রাজশাহী জেলা জামায়াতের আমির আবদুল খালেক বক্তব্য দেন।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *