মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু: ভূমিমন্ত্রী


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী অঞ্চলে অবৈধভাবে চোরাচালান করে এবং মাদকদ্রব্যের ব্যবসা করে অনেকে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। মাদক এবং মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। 

শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃস্থাপনকৃত ঐতিহাসিক নামফলক উন্মোচন করেন। 

মিজানুর রহমান মিনু এ সময় পুলিশের উদ্দেশ্যে বলেন, আজকের এই শুভ দিনে পরিবেশ মাদকমুক্ত, স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করুন। আরএমপি ইতোমধ্যে আস্থা অর্জন করেছে। মাদকের বিষয়ে আমরা কেউ কখনও আপনাদের কিছু বলব না। আইন নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে চিরজীবনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে বেগম খালেদা জিয়া রাজশাহীর আরএমপির শুভ সূচনা করছিলেন এবং সেই সময় এখানে ভিত্তিপ্রস্তর করেছিলেন। ১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন। এই আরএমপি রাজশাহী প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। 

আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি এড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রমুখ।  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *