সিলেটে বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


সিলেট নগরের শাহপরান এলাকায় নিজ বাসার সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার মধ্যরাতে হত্যাকাণ্ডটি ঘটে।

সোমবার (২৪ আগস্ট) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতে ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে মরদেহের ময়নাতদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।”

নিহত ব্যবসায়ীর নাম শাহাব উদ্দিন (৬৫)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা এবং পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন।

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ ঘটনার বিবরণ দিয়ে বলেন, “রাতে এলাকার এক ভাই এসে জানান, আমার বাবাকে কারা যেনো রাস্তায় আটকে রেখেছে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে রাস্তাতেই বাবা মারা যান।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, “নিহতের মাথায়, গলায় একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ কমিশনারসহ পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা ও তদন্ত চলছে। এ ঘটনায় আজ দুপুর ২টা পর্যন্ত কোনো মামলা হয়নি।”

এর আগে, গত ১২ আগস্ট সকালে সিলেট নগরে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী ও গৃহপরিচারিকাকে বাসার ভেতরে কুপিয়ে হত্যা করা হয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *