ঝিকরগাছায় প্লাটিনামের প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক আটক


যশোরের ঝিকরগাছায় ১৭ কোটি টাকার প্লাটিনাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক যুবককে ডাকা তেকে আটক করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

এসআই দেব্রবত ঘোষের নেতৃত্বে সাইবার ক্রাইম টিম অভিযান চালিয়ে ঢাকার রমনা এলাকা থেকে শরিফুলকে আটক করে। আটক শরিফুল ইসলাম সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় রবিবার রাতে ঝিকরগাছা থানায় মামলা করেন ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের সিটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট সোহরাব হোসেন পিন্টু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর প্রতিষ্ঠানে তিনজন কর্মচারী কাজ করেন। তাদের মধ্যে মামুন নামে এক কর্মচারী প্রায় তিন বছর ধরে সেখানে কর্মরত। গত ৭ আগস্ট মামুন তার পূর্বপরিচিত শরিফুল ইসলামের কাছ থেকে জানতে পারেন, শরিফুলসহ আরও কয়েকজন একটি মূল্যবান ধাতব পদার্থ পেয়েছেন। তারা দাবি করেন, সেটি প্লাটিনাম এবং বাংলাদেশি বাজারে এর আনুমানিক মূল্য ১৭ কোটি টাকা।

মামুনকে শরিফুল জানান, কথিত ওই ধাতব পদার্থ বিক্রির জন্য তিনি একজন বিশ্বস্ত ক্রেতা খুঁজছেন। মামুন তার কর্মস্থলের মালিক সোহরাব হোসেন পিন্টুকে বিষয়টি জানান।

পরে গত ১০ আগস্ট শরিফুল ও মামুনসহ কয়েকজন সোহরাব হোসেনের বাড়িতে যান। সেখানে কথাবার্তার একপর্যায়ে একটি নম্বরে যোগাযোগ করিয়ে দিয়ে বলা হয়, ওই ব্যক্তি ধাতব পদার্থটি কিনবেন এবং নগদ টাকা দিয়ে বাড়ি থেকেই নিয়ে যাবেন।

অভিযোগে বলা হয়, ধাতব পদার্থটি সংগ্রহ করতে ৭২ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়। ১৭ কোটি টাকায় বিক্রি করে লাভের টাকা ভাগ করে নেওয়ার প্রলোভন দেখানো হয়। এই প্রলোভনে পড়ে বাদী ও মামুন বিভিন্ন মাধ্যমে টাকা সংগ্রহ করে আসামিকে ৬৭ লাখ টাকা দেন। 

পরে গত ১৯ আগস্ট ধাতব পদার্থটি আনতে বাদী সাতক্ষীরায় গেলে শরিফুল তাকে একটি প্লাস্টিকের বক্স দিয়ে চলে যেতে বলেন। যাওয়ার সময় তিনি বলেন, বাড়িতে গিয়ে বক্সটি খুলতে। পরে বাড়িতে এসে বক্স খুলে দেখা যায়, এর ভেতরে একটি ইটের টুকরা রয়েছে। এরপর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বাদী যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার রমনা এলাকা থেকে শরিফুলকে আটক করে। সোমবার আটক শরিফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



বাপ্পি/সা.এ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *