‘কৌশলগত যোগাযোগ জোরদারে একসাথে কাজ করতে প্রস্তুত চীন’
মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন বার্তা
প্রকাশিত: ২২:৪৩, ২৪ আগস্ট ২০২৬
রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিষেক উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।
ফেসবুক পেজে প্রকাশ করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় থাকা চীনের দূতাবাস।
বার্তাটিতে শি জিনপিং লিখেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫১ বছর ধরে চীন ও বাংলাদেশ সর্বদা একে অপরকে সম্মান ও সমান মর্যাদায় দেখে আসছে, পরস্পরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে সমর্থন জানিয়ে এসেছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে হাত ধরাধরি করে হেঁটেছে। চীন-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষার মধ্য দিয়েও টিকে আছে।
বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং আরো বলেন, প্রথাগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে, মানসম্মত ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বাড়াতে এবং সকল খাতে পারস্পরিক সহযোগিতা ও আদান-প্রদান সম্প্রসারণ করতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কাজ করতে প্রস্তুত। এটি নতুন যুগে চীন-বাংলাদেশের যৌথ ভবিষ্যতের অংশীদারিত্বকে আরো গভীর ও ধারাবাহিকভাবে বাস্তবমুখী ফল দিতে এবং দুই দেশের জনগণের জন্য আরো বেশি কল্যাণ বয়ে আনতে সাহায্য করবে।

