মাদারীপুরে হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভেতর ঢুকে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক ফকিরকে (৫৫) আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) বিকেলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত কাওসার বেপারী (২৫) মাদারীপুর সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। আটক ফারুক বেপারী মাদারীপুর সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।
পুলিশ, আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে দুইমাস আগে সদর উপজেলার সৈয়দারবালী এলাকার মান্নান মোল্লার ছেলে শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ফারুক ফকির ও তার লোকজন। এ ঘটনায় একটি মামলা চলমান আছে। শাহীনের শ্যালক কাওসার বেপারী হাসপাতালে ফারুককে একা পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ওয়ার্ডের থাই গ্লাস ভেঙে যায়। পরে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ৬ তলার মেডিসিন ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর করে ফারুক। ভেঙে যাওয়া থাইগ্লাসের টুকরা দিয়ে কাওসারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে। এসময় কাওসারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফারুকে আটক করে পুলিশে দেয়। গুরুতর অবস্থায় আহত যুবককে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর
