‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর দর্শকের আচরণে হতবাক অভিনেত্রী


পর্দায় কোনো চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে অভিনয়শিল্পীকে কখনো কখনো নিজের পরিচয়ের সীমানা পেরিয়ে যেতে হয়। তবে সেই চরিত্রই যখন বাস্তব জীবনে হয়রানি ও কুপ্রস্তাবের কারণ হয়ে দাঁড়ায়, তখন অভিজ্ঞতাটি হয়ে ওঠে তিক্ত। ‘মির্জাপুর’খ্যাত বাঙালি অভিনেত্রী অনংশা বিশ্বাসও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর প্রথম সিজনে ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন অনংশা। চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পেলেও এর কারণে বাস্তব জীবনে তাঁকে শুনতে হয়েছে নানা কুরুচিকর মন্তব্য।

সম্প্রতি ভারতের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেল ‘হিন্দি রাশ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী।

সিরিজে গ্রে-শেডের ‘জরিনা’ চরিত্রে দেখা যায় অনংশাকে। নিজের স্বার্থ হাসিল করতে শারীরিক আকর্ষণকে রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে চরিত্রটি। অনংশার দাবি, অনেক দর্শক পর্দার চরিত্র ও তাঁর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছেন।

তিনি জানান, ‘মির্জাপুর’-এর প্রথম সিজন প্রচারের পর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইলে একের পর এক আপত্তিকর বার্তা আসতে শুরু করে। এমনকি তাঁকে এক রাত বা কয়েক দিনের জন্য সঙ্গে যাওয়ার বিনিময়ে টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

অনংশা বলেন, এ ধরনের কুরুচিকর বার্তায় তাঁর ইনবক্স ভরে গিয়েছিল। নিজের কাজের প্রতি শতভাগ নিষ্ঠা থাকার পরও এমন মন্তব্যে তিনি হতবাক হয়ে যান।

অভিনেত্রী স্পষ্ট করে বলেন, একজন শিল্পী পর্দায় যে চরিত্রে অভিনয় করেন, সেটিকে তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়। দর্শকদের চরিত্র ও অভিনেতার বাস্তব পরিচয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ‘মির্জাপুর’ সিরিজের জনপ্রিয়তার পর এবার বড় পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটিতেও ‘জরিনা’ চরিত্রে ফিরছেন অনংশা বিশ্বাস। সিনেমাটি মুক্তির আগে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা সামনে আনলেন তিনি।

‘মির্জাপুর: দ্য মুভি’তে কালীন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলী ফজল, মুন্না ভাইয়া চরিত্রে দিব্যেন্দু এবং রসিকা দুগলও নিজ নিজ চরিত্রে ফিরছেন।

সিনেমাটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে সহ-প্রযোজক ফারহান আখতার জানান, বিশ্বজুড়ে দর্শকদের ধারাবাহিক দাবির কারণেই জনপ্রিয় ওয়েব সিরিজটিকে বড় পর্দার সিনেমায় রূপ দেওয়া হয়েছে।



কুশল/সাএ





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *