আগামী শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী শিক্ষাক্রমে পাঠ্যবইয়ের অন্যান্য বিষয়ের মতো খেলাধুলাকেও বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ওপর একটি বই তৈরি করা হয়েছে। ২০২৭ সাল থেকে এটি বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবল, ক্রিকেটসহ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের আটটি ইভেন্ট নিয়ে বইটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে লিখিত পরীক্ষায় থাকবে ৪০ নম্বর এবং মাঠের খেলায় থাকবে ৬০ নম্বর। মোট নম্বর অর্জন না করলে শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারবে না।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের মাদক থেকে দূরে রাখা।
আমিনুল হক আরও বলেন, দেশের আনাচে-কানাচে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত মুন্সিগঞ্জ পৌরসভা ৩-১ গোলে লৌহজং উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমিনুল হক বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপের মতো আয়োজন স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে এ ধরনের টুর্নামেন্ট আরও বেশি আয়োজন করা প্রয়োজন।
মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে মুন্সিগঞ্জ আরও ভালো করবে—এটাই আমাদের প্রত্যাশা।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেনসহ বিভিন্ন উপজেলার ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, স্থানীয় সাংবাদিক ও বিপুলসংখ্যক দর্শক।
উল্লেখ্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক উপস্থিতির মধ্য দিয়ে মুন্সিগঞ্জে শেষ হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। ফাইনালে মুন্সিগঞ্জ পৌরসভা দল ৩-১ গোলে লৌহজং উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শুভ ঘোষ/কেএইচকে
