ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারে ডব্লিউএইচওর সংলাপ


ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান কার্যালয়ে দ্বিতীয় ‘স্বাস্থ্য চর্চা’ (Shastho Chorcha) সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ সংলাপের প্রতিপাদ্য ছিল—‘ডেঙ্গু: সম্মিলিত উদ্যোগে জীবন সুরক্ষা, সরকার ও সমাজের সমন্বিত পদক্ষেপ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. আহমেদ জ্যামশীদ মোহাম্মদ।

সংলাপে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষাবিদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা অংশ নেন।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ডেঙ্গু মোকাবিলা খণ্ড খণ্ডভাবে করলে হবে না। একই সময় ও একই এলাকায় রোগ নজরদারি, ঝুঁকি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা, মশা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। এসব কার্যক্রমকে সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।

আলোচনায় ডেঙ্গু মোকাবিলায় সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষের দীর্ঘমেয়াদি ও সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক খাতকে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, কার্যকর নজরদারি, সময়মতো মশা নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।

এসইউজে/কেএইচকে 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *