ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ


প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে ক্রীড়া শিক্ষার পাশাপাশি মার্শাল আর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরো শক্তিশালী করছে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে ঢাকার বিজয় সরণিতে র‍্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা কর্তৃক আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার কৌশল নয়, এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা অর্জনে সহায়তা করে। একজন শিক্ষার্থী যখন নিজের ওপর আস্থা অর্জন করে, তখন সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার অপরিহার্য। তাই কারাতে সংগঠনগুলোর প্রতি তাঁর আহ্বান, তারা যেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে। সরকার এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেবে। 

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ব্ল্যাকবেল্ট অর্জনকারী কারাতেকাদের মাঝে ব্ল্যাকবেল্ট তুলে দেন। এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *