ঢাকা পরিচ্ছন্ন রাখতে জামায়াতের সপ্তাহব্যাপী অভিযান


রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বুধবার হাতিরঝিল থানার ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়্যারলেস মোড় থেকে মধুবাগ, বেপারি গলি, টিঅ্যান্ডটি কলোনিসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

অভিযানে অংশ নেওয়া জনতার উদ্দেশে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘এখন ফটোসেশনের দিন শেষ, সকলকে কাজে হাত লাগাতে হবে। সবাই পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করুন। অপরিচ্ছন্ন রাস্তা, মশার উপদ্রব, ময়লা-আবর্জনা মাসের পর মাস পড়ে থাকে—সিটি করপোরেশন প্রশাসন তা চোখে দেখে না। আমাদের শহর আমাদেরকেই পরিচ্ছন্ন করতে হবে।’

তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে শহর পরিচ্ছন্ন করা সম্ভব। এজন্য প্রয়োজন সবার সচেতনতা ও সহযোগিতা। ‘আমার শহর, আমার পরিবেশ—আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি।’

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে একযোগে কাজ করতে চান তারা।

ঢাকার ৫৪টি ওয়ার্ডে একযোগে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি চলছে। এতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। পাশাপাশি অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও উদ্যোগটির সঙ্গে যুক্ত করা হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।’

এমইউ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *