গাজীপুরে নদীতে নেমে প্রাণ গেল দুই সহপাঠীর


গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সূতিয়া নদীর বাপ্তা হাজীবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন উপজেলার বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১১), অন্যজন বাপ্তা গ্রামের গজার গাছিয়া এলাকার মো. রুহুল আমীন শেখের ছেলে মোস্তাকিম (১১)। নিহতরা বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতদের স্বজনরা জানান, বুধবার স্কুলে ঈদে মিল্লাদুন্নবী (স:) অনুষ্ঠান ছিল। স্কুলের শিক্ষার্থীসহ রাব্বি ও মোস্তাকিম ওই অনুষ্ঠানে স্কুল মাঠে বল খেলতে নামে। বল খেলা শেষে এক পর্যায় রাব্বি ও মোস্তাকিম স্কুলের পাশে সূতিয়া নদীতে সাঁতার কাটতে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহপাঠী ও গ্রামবাসীদের মাঝে।

নিহতদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শী সাকিব জানায়, রাব্বি ও মোস্তাকিম স্কুল মাঠে বল খেলে নদীতে সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে মোস্তাকিম ও রাব্বি নদীর গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়দের খবর দিলে তারা রাব্বি ও মোস্তাকিমকে উদ্ধার করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, নদীতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসাপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিহাব খান/এসজেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *