পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার


রাঙ্গামাটিতে নিখোঁজের চারদিন পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ডানে ত্রিপুরাছড়া গ্রামের গহীন ঝর্ণা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাসনা চাকমা(৩২) একই এলাকার অলঙ্গ পূণ্য চাকমার স্ত্রী।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ডানে ত্রিপুরাছড়া এলাকায় হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা ওই ভারী বর্ষণের সময় পাহাড়ি ছড়া ও ঝরনাগুলোতে আকস্মিকভাবে পানির প্রবাহ বেড়ে যায়। এ সময় জুম থেকে ছড়া ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন এক নারী ও তার তিন বছর বয়সী ছেলে। পথে আকস্মিকভাবে পানির স্রোত বেড়ে গেলে মা ও ছেলে স্রোতের পানিতে ভেসে যান। পরদিন স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তবে সেদিন নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা গত কয়েকদিন ধরে আশপাশের ছড়া, ঝরনা ও পানির প্রবাহের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে প্রায় তিন কিলোমিটার দূরের একটি পাহাড়ের গভীর খাদের ঝিরির মধ্যে নিখোঁজ নারীর মরদেহ দেখতে পায়। কিন্তু দুর্গম পাহাড়ের খাদটি প্রায় দুইশত ফিট গভীর এবং মরদেহটি গাছের সঙ্গে আটকে থাকায় স্থানীয়রা উদ্ধার করতে ব্যর্থ হয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশন অফিসার মো. রোকনুজ্জামানের নেতৃতে একটি রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গভীর পাহাড়ি খাদের ঝিরি থেকে বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশ জার্নাল/জে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *