জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ যাত্রীর মৃত্যু
জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক যাত্রী মারা গেছেন।
বুধবার(২৬ আগস্ট) জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে অসুস্থ হন তিনি। এ ঘটনায় ফ্লাইটটি ওমানের মাসকাটে জরুরি অবতরণ করে। সেখানে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া যাত্রী সানোয়ারা বেগম (৫৫), তিনি চট্টগ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, ফ্লাইটটি উড়ার পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন।
“এসময় ফ্লাইটটি ডাইভার্ট হয়ে মাস্কাট এ অবতরণ করে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মৃত যাত্রীর মরদেহ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে জানিয়ে জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম বলেন, ফ্লাইটটি মাস্কাট থেকে ফের দেশের উদ্দেশে রওনা হয়।
বেলা পৌনে ৩টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করতে পারে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।
বাংলাদেশ জার্নাল/এসআইপি
