রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব-কমিটি পুনর্বহালে চট্টগ্রাম যুবদলের মিছিল
রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা এবং চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল করায় শুভেচ্ছা মিছিল করেছে মহানগর যুবদল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় নগরের নাসিমন ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে জামিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, দলের দুর্দিন ও সংকটে রুহুল কবির রিজভী আহমেদের অবিচল ও আপসহীন ভূমিকা প্রশংসনীয়। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, রিজভী আহমেদ ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ছিলেন। ছাত্রদলের কর্মী ও নেতা হিসেবে আমরা তাঁকে নিয়ে গর্ববোধ করি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় রিজভী দল ও দেশের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। রাজপথের আন্দোলন থেকে উঠে এসে তিনি আজ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, চট্টগ্রাম মহানগর যুবদল কোনো ধরনের অন্যায়-অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না- কমিটি পুনর্বহালের মাধ্যমে সেটিই প্রমাণ হয়েছে। আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, ২৩ মাস পর দায়িত্ব আবার আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের ওপর আস্থা রাখায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
মুহাম্মদ শাহেদ আরও বলেন, মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করায় প্রমাণিত হয়েছে এসব কমিটির নেতাকর্মীরা দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত। অতীতের মতো ভবিষ্যতেও দলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।
সমাবেশে মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মজিবুর রহমান, আবু সুফিয়ান, অরূপ বড়ুয়াসহ মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমএএইচ/
