রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি। এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় এ জিডি করেন রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান।

জিডিতে উল্লেখ করা হয়েছে, রুহুল কবির রিজভী আহমেদ নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তার নামে পরিচালিত কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও কিংবা রাজনৈতিক বক্তব্যকে তার ব্যক্তিগত বা অনুমোদিত বক্তব্য হিসেবে বিবেচনা করা যাবে না।

জিডিতে বলা হয়েছে, সম্প্রতি রিজভীর নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবী ব্যবহার করে কয়েকটি ফেসবুক আইডি, প্রোফাইল ও পেজ পরিচালনার বিষয়টি নজরে এসেছে। এর মধ্যে একটি অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন বা ব্লু মার্কও দেখা যাচ্ছে।

এ কারণে সাধারণ মানুষের মধ্যে ওই অ্যাকাউন্টটি রিজভীর প্রকৃত ও অনুমোদিত ফেসবুক অ্যাকাউন্ট বলে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে রিজভীর নামে বিভিন্ন বক্তব্য, রাজনৈতিক মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে। ভবিষ্যতেও এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে।

জিডিতে আরও বলা হয়েছে, রিজভীর পরিচয় ব্যবহার করে ভুয়া বক্তব্য বা রাজনৈতিক প্রচারণা চালানো হলে তার ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি এবং ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডকে রিজভীর নাম ও পরিচয়ের অপব্যবহার হিসেবে উল্লেখ করে জিডিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *