উদ্ধার অভিযানের জন্য বিদেশি সহায়তার প্রস্তাবে রাজী হয়েছে নেপাল
ভয়াবহ বন্যায় নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য বিদেশি সহায়তার ব্যাপারে শেষ পর্যন্ত রাজী হয়েছে নেপাল। নিখোঁজ বিদেশি পর্যটকদের সংশ্লিষ্ট দেশগুলোর চাপের মুখে আগের সিদ্ধান্ত থেকে নেপাল সরে এসেছে। শুক্রবার কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সকালে জানিয়েছিল তারা নিজেরাই উদ্ধার কাজ পরিচালনা করছে। তাদের কোনো বিদেশি সহায়তার প্রয়োজন নেই।
বুধবার (২৬ আগস্ট) চীন সীমান্তবর্তী রসুয়া জেলাসহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ৫৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে ৩১টি দেশের ৫১৭ জন নাগরিক রয়েছেন।
শুক্রবার এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, অনুসন্ধান ও উদ্ধারের জন্য আমরা আন্তর্জাতিক মহল থেকে প্রচণ্ড চাপের মুখে রয়েছি। কারণ ওই সব দেশের নাগরিকরা নিখোঁজদের তালিকায় রয়েছেন। আমরা কিছু নির্দিষ্ট এলাকায় স্বল্প সংখ্যক বিশেষজ্ঞকে সুযোগ দিচ্ছি।”
দক্ষিণ কোরিয়া ইতোমধ্যেই একটি উদ্ধারকারী দল নেপালে পাঠিয়েছে এবং একটি পূর্ণাঙ্গ দুর্যোগ ত্রাণ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
