ঘুস নেওয়ার দায়ে এসিল্যান্ড অফিসের খারিজ সহকারী বরখাস্ত
রাজশাহীর তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের খারিজ সহকারী ইমরুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) একটি খারিজ মামলায় ঘুস নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক প্রজ্ঞাপনে ইমরুল কাশেমকে সাময়িক বরখাস্তের আদেশ দেন ডিসি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কতিপয় কর্মচারী বেশ কিছুদিন ধরে ভূমিসেবা গ্রহণেচ্ছুদের নানাবিধ হয়রানি করে আসছেন। চাহিদামতো ঘুস না পেলে তারা জনসাধারণকে সেবা দেওয়া থেকে বিরত থাকছিলেন ও ইচ্ছামতো হয়রানি করছিলেন। ইমরুল কাশেম এই চক্রের নেতৃত্বে ছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, নানা অজুহাত ও আইনের ফাঁদে ফেলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন তারা। দিনশেষে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করেন।
এদিকে, সম্প্রতি একটি খারিজ মামলায় সেবা গ্রহীতার কাছ থেকে ইমরুল কাশেমের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল হয়। জেলা প্রশাসন থেকে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই খারিজ সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, তার অফিসের খারিজ কাম-সার্টিফিকেট সহকারী ইমরুল কাশেমকে জেলা প্রশাসক সাময়িক বরখাস্ত করেছেন। বিধিমতে তার বিরুদ্ধে মামলা দায়ের ও তদন্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মনির হোসেন মাহিন/এসএএইচ
