রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী


রাজধানীর মুগদায় মুরগির ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে ইসহাক (৩৮) নামে এক ব্যক্তিকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের মাদকবিরোধী বিশেষ অভিযানে দক্ষিণ মুগদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল দক্ষিণ মুগদাপাড়ায় অভিযান চালায়।

অভিযানকারী দল দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর বাড়িতে ইসহাকের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসার আড়ালে ওই এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় গ্রেপ্তার ইসহাকের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *